ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পর বিরোধীদলীয় নেতার এমন সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করে জনগণ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গতকাল মাননীয় বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার বক্তব্য জানতে চেয়েছেন। সেই প্রেক্ষাপটে এই মহান সংসদে আমি ৩০০ বিধিতে আমার বক্তব্য পেশ করছি।’
বিরোধীদলীয় নেতার আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাঁদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাঁদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন-জুলুম চালানো হয়েছে, তার পরও কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে দলটিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করে দেশবাসী। আমরাও তা গ্রহণযোগ্য মনে করি না।
তিনি আরও বলেন, একই বছরের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’
দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যে অগ্নিসন্ত্রাস চলছে, তার ইতিবৃত্ত তুলে ধরছেন তিনি। তাঁর ভাষ্য, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনাদের মনে আছে, ২০০৪ সালের ৪ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের ঢাকা হরতালে শাহবাগের তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।’
তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তৎকালীন গণমাধ্যমের স্থিরচিত্রে দেখা যায়, জানালার গ্রিল ধরে মানুষ বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেননি। সেখানে অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ১১ জন মারা যান।’
এ ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারবেন। ফ্যাসিবাদী গোষ্ঠীর একজন সদস্য, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দি এখনো ইউটিউবে পাওয়া যায়। কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, তা সেখানে রয়েছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সময় এটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল, এখনো বিদ্যমান।’
সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়। সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন।’
জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?