ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া ও সাম্প্রতিক ঘটনাবলির ওপর নজর রাখছে সরকার। পরিস্থিতি বিবেচনায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও ভাবা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। আজ রোববার দুপুরের পর তাঁদের সঙ্গে কথা হলে তাঁরা জানিয়েছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। বিকেল সোয়া পাঁচটার দিকে ডিসি ও এসপিকে বদলির পরিপত্র জারি করা হয়।
মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ রোববার লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।
মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র। তবে সেখানে কী আলোচনা হয়েছে বা কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি সূত্রটি।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যসংখ্যা বাড়িয়েছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না। আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বলপ্রয়োগ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও বলছে, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।
বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ আরও তিন প্লাটুন বর্ডার গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যও গোপালগঞ্জে আনা হয়েছে।
আজ বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।
ওই বছরের ২০ জুলাই গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল