ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
যে কারণে শেখ হাসিনার দেশে ফেরা হবে না
নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনও করেছেন তিনি। তবে বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয়। সরকারের অবস্থান, দেশে ফিরতে হলে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে আসতে হবে তাঁকে। কিন্তু ভারতের সম্মতি না পাওয়া, বাংলাদেশে তাঁর নিরাপত্তাঝুঁকি, প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতাসহ পাঁচটি কারণে শেখ হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণের দাবিতে ভারতের সম্মতি দেওয়ার সম্ভাবনা কম। ভারতের অবস্থান হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ সরকারের অনুরোধে দেশটির বিমানবাহিনীর উড়োজাহাজে ভারতে এসেছিলেন। বাংলাদেশি সামরিক কর্মকর্তারা তাঁকে নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছে দেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার ক্ষেত্রে সেটি কার্যকর করা কঠিন হতে পারে। তাঁর বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন থাকায় চুক্তির শর্ত অনুযায়ী তাঁকে প্রত্যর্পণের বিষয়টি জটিল হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১. বাংলাদেশে উগ্রবাদীদের কাছ থেকে জীবননাশের আশঙ্কা
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাঁকে গৃহবন্দি রাখা হয়। বাংলাদেশে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, দেশটির রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে।
শেখ হাসিনা ও তাঁর বোন ছাড়া পরিবারের প্রায় সব সদস্যকে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হত্যা করা হয়েছিল। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন তাঁর বাবা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার মাত্র চার বছর পর শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেনা কর্মকর্তারা ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উগ্রবাদী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে শেখ হাসিনার জীবননাশের আশঙ্কা রয়েছে। আগের সরকারের আমলে এসব গোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হয়। ফলে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে যেকোনো আলোচনায় ইসলামি উগ্রবাদীদের কাছ থেকে তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে।
১৯৮১ সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও হত্যাকাণ্ডের শিকার হন। চট্টগ্রামে একটি সরকারি অতিথিশালায় অবস্থানকালে বিদ্রোহী সেনা সদস্যরা সেখানে ঢুকে তাঁকে হত্যা করেন। ধারণা করা হয়, সেনাবাহিনীর একটি ছোট দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
বাংলাদেশের সেনাবাহিনীর অতীত ভূমিকা এবং ২০২৪ সালে শেখ হাসিনার দেশত্যাগের পরিস্থিতি বিবেচনায় তাঁর প্রত্যর্পণের বিষয়টি এই মুহূর্তে প্রায় অসম্ভব বলে মনে করছে সংবাদমাধ্যমটি।
২. প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কাউকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধটি দুই দেশের আইনেই শাস্তিযোগ্য হতে হবে। ওই অপরাধের জন্য কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে।
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ভারতের সরকারি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) এই অপরাধটি একইভাবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত বা অন্তর্ভুক্ত করা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই আইনটি ঔপনিবেশিক আমলের ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু করা হয়।
প্রত্যর্পণ চুক্তিতে ‘ডুয়াল ক্রিমিনালিটি’ বা দ্বৈত অপরাধের শর্তও রয়েছে। এর অর্থ, যে অপরাধের অভিযোগে কাউকে প্রত্যর্পণের অনুরোধ করা হচ্ছে, সেটি দুই দেশের নিজস্ব আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। অপরাধের নাম বা আইনি পরিভাষা দুই দেশে আলাদা হলেও সমস্যা নেই। তবে প্রত্যর্পণের আবেদন আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করতে হবে।
চুক্তিতে কোন পরিস্থিতিতে কাউকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানানো যেতে পারে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে। এর মধ্যে একটি হলো, অভিযোগের অপরাধটি রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণের আবেদন নাকচ হতে পারে।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক বলে বিবেচিত হতে পারে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।
তবে এ ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে। হত্যা, মানুষ হত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিস্ফোরক ব্যবহারসংক্রান্ত গুরুতর সহিংস অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ, এসব অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক অপরাধের অজুহাতে প্রত্যর্পণ এড়ানোর সুযোগ সীমিত।
বাংলাদেশ সরকার প্রকাশ্যেই শেখ হাসিনাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে।
এ ছাড়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো মামলার বিচারপ্রক্রিয়া অসৎ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, অভিযোগটি তুচ্ছ বা ভিত্তিহীন কিংবা প্রত্যর্পণ করলে ন্যায়বিচারের স্বার্থ ক্ষুণ্ন হবে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশ প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে।
৩. দেশে ফেরার জন্য পাসপোর্ট পাওয়ার অনিশ্চয়তা
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যর্পণ ছাড়াও আরও দুটি পথ রয়েছে। একটি পাসপোর্ট, অন্যটি ট্রাভেল পাস।
রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। স্বেচ্ছানির্বাসনে ভারতে যাওয়ার পর দেশে ফেরার উদ্দেশ্যে এটিই তাঁর প্রথম যোগাযোগ। ২০২৪ সালে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার দুই বছরের বেশি সময় পর তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর এই আবেদন ডিসেম্বরে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর ফলে এমন একটি দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে, যেখানে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তাঁর ভাষায়, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবেদন ‘নিছক রাজনৈতিক অবস্থান প্রদর্শন’ ছাড়া কিছু নয়।
বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবিও পুনর্ব্যক্ত করেছে। সহিংস বিক্ষোভের মুখে তাঁর সরকারের পতন হলে জীবননাশের আশঙ্কায় তিনি দেশ ছাড়েন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের (সন্ত্রাসীদের) ফেরত দেওয়ার দাবি জানিয়েছি।’
৪. ট্রাভেল পাস নিয়েও দেশে ফেরা কঠিন
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, তখন তাঁর কাছে বাংলাদেশের পাসপোর্ট ছিল না। সেই অবস্থায় ট্রাভেল পাস ব্যবহার করে দেশে ফিরেছিলেন তিনি।
বাংলাদেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন তারেক রহমান। লন্ডনে অবস্থানকালে তাঁর বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি সেটি নবায়ন করেননি।
২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগপর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়। এতে তাঁর দেশে ফেরার পথ তৈরি হয়।
দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে ট্রাভেল পাস পেয়েছিলেন তারেক রহমান। তবে তাঁর ক্ষেত্রে মামলাগুলো প্রত্যাহারের পরই দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছিল।
শেখ হাসিনার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে। ফলে তারেক রহমানের মতো ট্রাভেল পাস নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ নয়।
৫. দেশে ফিরলে নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা
ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। তবে পর্দার আড়ালে এমন একটি সমাধান খোঁজার আলোচনা চলছে, যাতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করে তাঁকে দেশে ফেরানো যায়। এ জন্য আরও সময় ও কূটনৈতিক আলোচনার প্রয়োজন হতে পারে।
বাংলাদেশের ভারতবিরোধী গোষ্ঠী ও উগ্রবাদী শক্তিগুলো শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে ভারতকে লক্ষ্যবস্তু করছে। মুহাম্মদ ইউনূসের প্রশাসনের সময় এসব গোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও ভারত উভয়েই চলমান উত্তেজনার সমাধান খুঁজছে।
ভারত স্পষ্ট করে জানিয়েছে, শেখ হাসিনার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জিম্মি করে রাখতে দেওয়া উচিত নয়।
এনডিটিভিকে সূত্র জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার বিষয়ে নমনীয়—এমন বার্তা দিতে চায় না। একই সঙ্গে সরকার এমন কোনো রাজনৈতিক অস্থিরতার জন্যও দায়ী হতে চায় না, যার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। অতীতে দেশের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা আবারও ঘটুক, তা চায় না বর্তমান নেতৃত্ব।
বিশেষ করে শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চায় সরকার।
সবকিছু বিবেচনায় নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব বলে মনে করছে এনডিটিভি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট