×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কালকিনিতে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ

২০২৬ নভেম্বর ১৩ ১৪:৫০:৪৫

কালকিনিতে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে বের করা ওই মিছিলে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন বলে জানা গেছে। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীদের কাছ থেকে অর্ধশতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাজালাল হাওলাদারের নেতৃত্বে ওই ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে কালকিনি পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিলটিতে ধাওয়া দেন। তাঁদের ধাওয়ায় আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

এ সময় ঘটনাস্থল থেকে ‘জয় বাংলা’ স্লোগান লেখা বেশ কিছু লগি-বৈঠা উদ্ধার করেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং তাঁদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার প্রমুখ।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, পলাতক ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে দুই মিনিট মিছিলের চেষ্টা করলে তোপের মুখে পড়ে পালিয়ে যান। তাঁরা এ সময় নাশকতার চেষ্টা চালিয়েছিলেন। নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ