×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রাশেদ খাঁনকে মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ শফিকুর রহমানের

২০২৬ নভেম্বর ১১ ১৯:৩১:১৫

রাশেদ খাঁনকে মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে ২৪ ঘণ্টা ‘খেদমত’ দেওয়ার পরও মজুরি দিতে না পারায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ নভেম্বর) সংসদ অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ রাশেদ খাঁনকে উদ্ধৃত করে জামায়াত নেতাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের অভিযোগ তোলেন। এর জবাবে এ মন্তব্য করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এরকম কথা রয়েছে যে, “ভিনদেশী গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই সুরসুরির পেছনে এই দলের কোনো সম্পর্ক আছে কি না?” এই দলটাকে একটু উনি ক্লিয়ার করুন। যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক একজন ২৪ ঘণ্টা সচিব মর্যাদার লোককে মিন করে থাকেন, তার কথার রেফারেন্স ধরে, তাহলে আমি তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে, এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং বলেছিলাম তার প্রমাণ উপস্থাপন করুন।’

তিনি বলেন, ‘বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নিইনি। পুরা ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।’

রাশেদ খাঁন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সাথে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউজে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে, বন্ধুদের সাথে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সাথে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সাথে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত