ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল?
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন।
চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।
শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতা-কর্মী কারাগারে রয়েছেন। দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হতে পারে।
গত আগস্টেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এবার ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। তাঁর দেশে ফেরার প্রস্তুতি হিসেবে দলের আরও কয়েকজন নেতা ইতিমধ্যে বাংলাদেশে ফিরে গেছেন বলেও জানান তাঁরা।
সোমবার শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা ওই চিঠিটি দ্য গার্ডিয়ানের হাতে এসেছে।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। তাঁর মতে, নতুন পাসপোর্ট না পেলে দেশে ফেরার সুযোগ তৈরির জন্য ট্রাভেল পাসের আবেদন করবেন শেখ হাসিনা।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর থেকেই তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত এখনো বাংলাদেশের এ দাবি উপেক্ষা করে আসছে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় কেবল ‘গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের’ মাধ্যমে দেশে ফেরার সুযোগ দেওয়া হতে পারে।
অন্যদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তাঁর নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাঁর দাবি, রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।
আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের দাবি, দলের সব নেতাই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাঁদের অনেকে অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, তাঁদের অনেককে অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছে এবং দেশে ফিরলে কারাগারে যেতে হবে, তা তাঁরা জানেন। তারপরও নিজেদের মানুষের কাছে ফিরে গিয়ে রাজনৈতিকভাবে লড়াই করতে চান তাঁরা।
দলটির সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তাঁর বিরুদ্ধে বিচার চলছে।
এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাঁদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয়।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তাঁর হয়ে কাজ করলে তাঁদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন—এমন বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্টান্টবাজি’। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের কর্মীদের চাঙা করতে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না। নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, শেখ হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তাঁর দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তবে শেখ হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই, যেখানে গণ-অভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ সরকার পালিয়ে যাওয়ার পর কোনো অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়াই তারা আবার ফিরে আসতে পেরেছে। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা এসব অপপ্রচার ছড়াচ্ছে। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না।
তাঁর মতে, শেখ হাসিনার সাহসের একমাত্র উৎস ছিল ফ্যাসিবাদী ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ