×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ১১ ১৪:০৯:৪০

শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রকৃত শিক্ষানুরাগী হলে স্নাতক (বিএ) পাস না করেও স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুযোগ রাখছে সরকার। এ জন্য আগ্রহী ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতিমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এখন শুধু এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় থেকে পরিচালিত হবে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা প্রসঙ্গে ড. মিলন বলেন, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কি না, তা বিবেচনা করা হয়েছে।

মন্ত্রী বলেন, পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা দেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাসের শর্ত এবং এ নিয়ে আলোচনা-সমালোচনার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষানুরাগী হওয়ার বিষয়টি বিবেচনার সুযোগ রাখা হবে। কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে এ পদে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন।

ড. মিলন বলেন, ‘শিক্ষানুরাগী, বিএ পাস হতে হবে—এমন কোনো কিছু থাকবে কি না, সেটি যেন আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকেন, সে জন্য তাঁরা মন্ত্রণালয়ে আবেদন করবেন। এ সুযোগটি আমরা রেখেছি।’

অর্থাৎ, প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাসের সনদ না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা যাবে। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত