×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াত ছাড়তে বলা হয়েছে এমপিকে

২০২৬ নভেম্বর ১০ ২২:২৪:০৯

গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াত ছাড়তে বলা হয়েছে এমপিকে

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে দল ছেড়ে দেওয়ার জন্য ফোন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। এক সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন, কোনো একটি গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে জামায়াত ছেড়ে দিতে বলা হয়েছে।

এ ঘটনাকে ভুয়া কিংবা সত্য দুই সম্ভাবনাই উল্লেখ করে তিনি বলেন, ফোন নম্বরটি রেকর্ড করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করা যায়। কোনো গোয়েন্দা সদস্যের এ ধরনের কথা বলার অধিকার আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি দেশ আবার সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না। তবে পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। অতীতেও জাতীয় সংকটে রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, গত কয়েক দিনে এপিবিএন সদর দপ্তর, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দপ্তর ও থানার সামনে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কয়েক দিন ধরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার সেখানে দুজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে এক তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। সাজেক ভ্যালি ঘিরেও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা ও গ্রেপ্তারের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াত আমির। সাধারণ মানুষ কয়েকজনকে আটক করে বাহিনীর হাতে তুলে দিলেও সংস্থাগুলোর নিজস্ব উদ্যোগে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি। সংসদের প্রথম দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করলেও তা পাওয়া যায়নি বলে জানান।

এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত