ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির প্রতিবেদনের বরাত দিয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে উল্লেখ করেন। একই সঙ্গে বাড়িটি পরিত্যক্ত ছিল বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) অনেক ভিডিও, ফুটেজ ও তথ্যের কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজটি দেখলে স্পষ্ট বোঝা যায়, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপের পর মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
নাহিদ ইসলাম বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না কিংবা সেখানে শুধু গবাদিপশু রাখা হতো না। সেখানে মানুষ বসবাস করতেন। গতকাল রাতেও বাড়িটিতে কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন ছিলেন। ওই রাতে সেখানে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে হামলার বিষয়ে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় দুই দিন আগে তিনি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ফলে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়।
নাহিদ ইসলাম বলেন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন।
তিনি বলেন, তাঁরা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কত ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনবেন, তা জানাবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি সংসদে এসে পুরোপুরি অস্বীকারের অবস্থান নিয়েছেন এবং ঘটনাটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরিত হচ্ছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে—বর্তমানে বাংলাদেশের সামগ্রিক চিত্র এমনই। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘটনাটি অস্বীকার করে যান, তাহলে তাঁদের আর কিছু বলার থাকবে না।
তিনি বলেন, এ কারণেই তাঁরা বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জবাব আশা করেন না। তারপরও বাংলাদেশের মানুষ আজ দেখেছে, বিরোধী দলের একজন সংসদ সদস্য ও গণঅভ্যুত্থানের একজন নেত্রীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় সরকার কী ধরনের ভূমিকা পালন করছে।
এর আগে সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে টিনশেডের একটি আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করেন না। বাড়িটিতে দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকেও (এসপি) ঘটনাস্থলে পাঠিয়েছেন। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও সেখানে গেছে। ফায়ার সার্ভিসের জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগানো হয়েছে, নাকি নিজে থেকেই লেগেছে, তা তদন্তে ইতিমধ্যে একটি যৌথ দলকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ দলে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা থাকবেন। একজন সংসদ সদস্যের বাড়ি হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেটি তাঁর অধিকারের সম্পত্তি।
এ সময় সংসদে বিজিবির প্রতিবেদন পড়ে শোনান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে যে মূল্যায়ন পাওয়া গেছে, তাতে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেয়ারটেকারের কিছু জুতা তৈরির সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। সেখানে দুটি ছাগলও ছিল, আগুনে ছাগল দুটি মারা গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলের দেয়ালসহ সবকিছুর ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া আলামত পর্যালোচনায় দেখা যাচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগের তারের অবস্থা দুর্বল ছিল। একটি ছবিতে শর্ট সার্কিটের মতো ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সবকিছুই অনুমাননির্ভর। তদন্ত শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৭০৩, তারিখ ১২ নভেম্বর। জিডির ভিত্তিতে পুলিশ বিভাগ তদন্ত করছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো বিশেষ বক্তব্য দিতে চান না তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাড়িটি অনেকটা পরিত্যক্ত ও অযত্নে পড়ে থাকা অবস্থায় ছিল। এর বৈদ্যুতিক সংযোগের তারও অত্যন্ত পুরোনো। এ কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা দেশের সবার জন্যই আতঙ্কের বিষয়। তিনি বিষয়টি যত দ্রুত সম্ভব তদন্ত করে সংসদে জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি জানা থাকলে তখনই বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে প্রস্তুতি নিয়েই এসেছেন। স্পিকার অনুমতি দিলে বক্তব্য দিতে পারবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া, আবেদন শুরু
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা