×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে জোর দিচ্ছে সরকার

২০২৬ নভেম্বর ১৩ ১৩:১৮:০৮

নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে জোর দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে ৪২৬টি স্থান চিহ্নিত করেছে সরকার। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। নদীদূষণ বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন তিনি।

মন্ত্রী বলেন, নদী দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

শেখ রবিউল আলম জানান, নদীর দুই পাশ সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় এসব ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নদীর তীর এমনভাবে সাজানো হচ্ছে, যাতে মানুষ নিয়মিত হাঁটাচলা করতে পারেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন।

নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষকে নদীর বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

নদী দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে।

মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম নেওয়া হয়েছে।

কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ এখনো বাকি রয়েছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ঢাকার চারপাশের নদীগুলোকে যোগাযোগের মাধ্যমের পাশাপাশি পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশন সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী জানান, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য পাওয়া যায়নি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা। এ ছাড়া নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশও ছিল না।

তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে নগরবাসীর যাতায়াতের নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে।

মন্ত্রী আরও বলেন, বিআইডব্লিউটিএর উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। নগরবাসীর জন্য গড়ে উঠবে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সংস্থাটির সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল)সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ