×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সরকারে আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

২০২৬ নভেম্বর ১৩ ১৩:০৯:১৮

সরকারে আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এখন দেশে সেগুলো বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন।

আজ ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রেস ব্রিফিংয়ে সালেহ শিবলী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।

সালেহ শিবলী বলেন, ‘গতকাল আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। এখনো কথাবার্তা চলছে, সেমিনারগুলো চলছে।’

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে প্রেস সচিব বলেন, সফরে তাঁর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক ছিল। এ ছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন ছিল। সেগুলো এখনো চলছে।

সম্মেলনে বাংলাদেশের দাবিগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানাবে বলে তাঁরা আশা করছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, এবার তুরস্ক সফরে গিয়েছেন মাত্র ২১ জন। এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সময় বিমানবন্দরে হাজার হাজার, লাখ লাখ মানুষের উপস্থিতির যে চিত্র আগে দেখা যেত, সেখান থেকেও তাঁরা বেরিয়ে এসেছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। গত বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ