×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা

২০২৬ নভেম্বর ১৫ ১৩:১১:০২

প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। এ দাবিতে সংবাদ সম্মেলনের পাশাপাশি অবস্থান কর্মসূচিও পালন করছেন তাঁরা। আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভেতরে ও বাইরে এ কর্মসূচির আয়োজন করেছে ১ম থেকে ১২তম এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতি।

প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাঁরা নিজেদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। তাঁর কাছে দাবিগুলো তুলে ধরতে চান তাঁরা। বিভিন্ন সময়ে এসব দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। এ কারণেই আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন তাঁরা। নিজেদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

চাকরিপ্রার্থীরা জানান, তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ দ্রুত বাস্তবায়ন।

এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের ১ম থেকে ১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে দেওয়া ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন তাঁরা।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন সম্পর্কে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর নেওয়া সর্বশেষ সিদ্ধান্তও কমিটিকে জানানো হয়। পরে এসব নিবন্ধনধারী শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত