×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হবে স্টেন্ট

২০২৬ নভেম্বর ১৫ ১৩:০২:০৩

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হবে স্টেন্ট

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল চারটার দিকে এসব ব্লকের চিকিৎসায় তাঁর হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা ও স্টেন্ট বসানোর প্রস্তুতি নেন। আজ বিকেল চারটার দিকে এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত