×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের সামনে বাড়ছে ঝুঁকি

২০২৬ নভেম্বর ১৪ ১৯:৪৬:৩৬

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের সামনে বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হয়ে সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির বহু নেতা বিভিন্ন দেশে পালিয়ে যান। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। এরই মধ্যে গত ৯ নভেম্বর বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। তাঁর এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় ও নিরাপত্তাঝুঁকির মধ্যে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে জনগণের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি কী দাঁড়াবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গণ-অভ্যুত্থানের কারণ বিশ্লেষণ ও পরিস্থিতি মূল্যায়ন না করে নাশকতার কৌশল নেওয়া দলটির জন্য রাজনৈতিক ফাঁদে পরিণত হতে পারে বলে মনে করছেন অনেকে। তাঁদের মতে, দলটি ইতিহাস থেকে ন্যূনতম শিক্ষাও নেয়নি।

১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এরপর অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজেদের আচরণে পরিশুদ্ধতার পরিচয় দিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। তবে হাজার হাজার মানুষকে হত্যা ও গুমের অভিযোগ ওঠার পরও দলটিকে এখন পর্যন্ত ভুল স্বীকার বা অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং ‘ষড়যন্ত্র’ তত্ত্বের বয়ান তৈরি এবং নাশকতার মধ্য দিয়ে দলটি রাজনীতিতে ফিরতে চাইছে। বিশ্লেষকদের মতে, নাশকতার এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক সংকট শুধু সাংগঠনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচারপ্রক্রিয়াও চলমান। মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। দলটির শীর্ষ নেতাদের অনেকেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যত বেশি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবে, দেশে থাকা দলটির নেতা-কর্মীদের ঝুঁকিও তত বাড়বে।

কী কারণে নতুন সরকার বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তা জনসাধারণের কাছে স্পষ্ট নয়। অনেকের মতে, আন্দোলনের নামে নাশকতা শুরু করার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা, পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই। কারও কারও ধারণা, প্রভাবশালী একটি দেশের ইঙ্গিতে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে এর কারণ বা রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জনগণের সামনে কোনো বক্তব্য নেই। ফলে শুধু ‘নেত্রী ফিরবেন’—এই যুক্তিতে বোমা ও ককটেল হামলা চালানো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, এতে জনগণ খুশি হওয়ার বদলে বিরক্ত হবে।

কর্তৃত্ববাদী ও একগুঁয়ে শাসনের কারণে শেখ হাসিনার প্রতি জনগণের বিরক্তি তৈরি হয়েছিল। তবে মাত্র দশ মাসের সরকারের ওপর জনগণ এখনো বিরক্ত হয়নি। ফলে লক্ষ্যহীন এই রাজনীতি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, তা স্পষ্ট নয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত