×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

আসিফকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির কথা স্মরণ করালেন রাশেদ খাঁন

২০২৬ নভেম্বর ১৫ ১৭:০৮:৫৬

আসিফকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির কথা স্মরণ করালেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর এ বক্তব্যের জবাবে গত বছরের জুলাইয়ে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’।

এর জবাবে রাশেদ খাঁন এক স্ট্যাটাসে লেখেন, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান। এরপর তিনি প্রশ্ন তুলে বলেন, আসিফ মাহমুদ কি ভুলে গেছেন যে গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তাঁর দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসিতে করে ঢাকায় ফিরতে হয়েছিল?

তিনি আরও লেখেন, ‘‘সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল। গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামীলীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’’

স্ট্যাটাসের শুরুতে রাশেদ খাঁন লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা যান এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও মারা যাক, তা চায় না বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। ‘‘আশা করি, শিগগির সবকিছু নিয়ন্ত্রণল চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধ পরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।’’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত