×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৫ ১৪:২৬:৫৬

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’

তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’

আইএমএফের কর্মসূচি থেকে শর্তের কারণে সরকার পিছিয়ে গেছে—বিষয়টি এমন নয় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত