×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে দেশে পেলে রক্ষা করা কঠিন হবে: শামসুজ্জামান দুদু

২০২৬ নভেম্বর ২২ ১৫:১০:২৫

হাসিনাকে দেশে পেলে রক্ষা করা কঠিন হবে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনগণের হাতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ধরা পড়লে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জনগণের হাতে তারা ধরা পড়লে পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনুমান করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, রাজপথে বিএনপি সরকারের প্রশংসা করেন এমন মানুষের সংখ্যাই বেশি। যারা সরকারের প্রশংসা করতে পারছেন না, তারা সবাই সীমান্তের ওপারে রয়েছেন। তারা সরকারের কোনো ভালো কাজ দেখতে পান না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশকে একেবারে ফোকলা করে দিয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে দুর্বল করে রেখে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত ঐক্য নিয়ে তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে। সরকারকে বিশৃঙ্খলার মাধ্যমে বিপদে ফেলার চেষ্টা করলে সংশ্লিষ্টরা আগামী দিনে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন। তিনি দাবি করেন, শেখ হাসিনা বর্তমানে ক্যানসারে আক্রান্ত এবং দিল্লিতে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তিনি গণমাধ্যমের সামনে আসছেন না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। শেখ হাসিনা দেশে ফিরবেন বা আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাবে—এমন বিশ্বাসকে তিনি অবাস্তব বলে উল্লেখ করেন।

রাশেদ খাঁন আরও বলেন, ‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধের স্লোগান হলেও আওয়ামী লীগ সেটি ব্যবহার করে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। তাঁর অভিযোগ, স্লোগানটি এখন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের স্লোগানে পরিণত হয়েছে। আওয়ামী লীগ দ্বিতীয় মৃত্যুর জন্য ছটফটানি করছে বলেও মন্তব্য করেন তিনি।

জিসপের সভাপতি এম গিয়াসউদ্দীন খোকনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সভাপতি তারেক রহমান এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত