×

ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না’

২০২৬ নভেম্বর ২১ ১৭:১৪:১৪

‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না’

নিজস্ব প্রতিবেদক: গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবিধান সংস্কারে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ ভোটারের দেওয়া রায় কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে অগ্রাহ্য করা যায় না। এ সময় রাজনীতি ও রাষ্ট্রকাঠামো সংস্কারের বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব। ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল মন্ত্র ছিল ‘জুলাই সনদ’। বিদ্যমান বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন সংবিধান ও ব্যবস্থা গড়ার যে অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছিল, সরকার তা অগ্রাহ্য করছে।’

তিনি আরও বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, নেতারা নানা ঘোষণা দিচ্ছেন, এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত, গণহত্যা চালিয়েছে। তারা ইসলামী দলকে জঙ্গিবাদ বলে, কিন্তু গোপালগঞ্জে যা করেছে সেটাই আসল জঙ্গিবাদ।’

মিয়া গোলাম পরওয়ারের মতে, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে না। গণভোটের রায় মেনে নেওয়া হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত