×

ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেলিম ভূঁইয়া

২০২৬ নভেম্বর ২১ ১৬:২২:৩৩

ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন এমন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, সংশ্লিষ্ট শিক্ষকদের প্রমাণসহ তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারো ওপর জুলুম অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকে আটকের পর অনেকেই বয়সের বিষয়টি তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বিএনপি নেতা এম কে আনোয়ারের কথা উল্লেখ করেন। সেলিম ভূঁইয়া বলেন, ৮৬ বছর বয়সে এম কে আনোয়ারকে আদালতে যেতে হয়েছে এবং তাকে ধরে ধরে ওঠানো হতো। এমনকি তার হাতেও হ্যান্ডকাফ পরানো হয়েছিল।

নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে আদালতে নেওয়া হতো। তার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র‍্যাব ও ডিবি দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এই সংসদ সদস্য আরও বলেন, যাত্রাবাড়ীর কাঠেরপোল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল। এসব ঘটনা তারা সহজে ভুলে যাননি। তবে তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করেন না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কাউকে তাদের দুর্বল ভাবার সুযোগ নেই বলেও সতর্ক করেন।

শিক্ষাব্যবস্থায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়েও বক্তব্য দেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, গত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এসব লেখা শিক্ষকরাই লিখেছেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা হলে ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না এবং মৃতদেহ দাফন করার মতো লোক পাওয়া যেত না এমন পরিস্থিতি তৈরি হতো না বলে তিনি মনে করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ