ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগকে অপরাধের দায় নিয়ে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে ফিরতে হলে অতীতের অপরাধের দায় স্বীকার করে প্রথমে দেশবাসীর কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না।
সাইফুল হক বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদীরা সন্ত্রাস করেছে; এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েও তারা সন্ত্রাস করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে কৃষকের স্বার্থ রক্ষায় সার ও কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান সাইফুল হক। তিনি বলেন, কৃষককে কেনার সময়ও ঠকতে হবে, আবার পণ্য বিক্রির সময়ও ন্যায্য দাম পাওয়া যাবে না—এমন ব্যবস্থা চলতে পারে না।
দেশের বিভিন্ন এলাকায় কৃষকেরা সারের তীব্র সংকটে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষকেরা ন্যায্য দামে সার পাচ্ছেন না। ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি বলেন, উপযুক্ত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছানো না গেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। একই সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। সার বিতরণে কোনো ধরনের দলীয়করণ বা আত্মীয়করণ না করার জন্য সরকারি দল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ নিয়ে কৃষকের দুর্ভোগের প্রসঙ্গ তুলে সাইফুল হক বলেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি ভূতুড়ে বিল কৃষকের জন্য নতুন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ, তিন গুণ, এমনকি পাঁচ গুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ নিয়ে হয়রানি ও আমলাতান্ত্রিকতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত ও অনিয়মিত বিলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরে সাইফুল হক বলেন, কৃষক উৎপাদনের উপকরণ কিনতে গিয়ে উচ্চমূল্যের শিকার হচ্ছেন। আবার উৎপাদিত পণ্য বিক্রি করেও ন্যায্য দাম পাচ্ছেন না। এতে কৃষি উৎপাদন ক্রমেই অলাভজনক হয়ে উঠছে।
কৃষকের সংকট সমাধানে কৃষি বাজার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে কৃষি বাজার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে। সেখানে প্রকৃত উৎপাদক কৃষকের কার্যকর অবস্থান নেই। তাই কৃষি বাজার সংস্কারের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
সাইফুল হক বলেন, কৃষি ও কৃষককে রক্ষা করা না গেলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্যনিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব—কোনোটিই রক্ষা করা সম্ভব হবে না। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে বণ্টন করা না হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, কৃষি ও কৃষককে রক্ষা করা শুধু কৃষকের দাবি নয়; এটি দেশের খাদ্যনিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্ন। কৃষকের উৎপাদন ব্যাহত করে কোনো অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না।
বিপ্লবী কৃষক সংহতির সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ বলেন, সার, বিদ্যুৎ ও কৃষি উপকরণ নিয়ে অনিয়ম-দুর্নীতির বোঝা কৃষকের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না করলে কৃষি ও কৃষক—উভয়ই গভীর সংকটে পড়বে।
সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজার সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং কৃষি ও কৃষক রক্ষাসহ বিভিন্ন দাবিতে এই মানববন্ধন-সমাবেশের আয়োজন করে বিপ্লবী কৃষক সংহতি।
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, খেতমজুর ইউনিয়ন নেতা সজীব সরকার রতন, রাশিদা আক্তার, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান ও নান্টু দাস প্রমুখ।
মানববন্ধনে বিপ্লবী কৃষক সংহতির বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে সার ও কৃষি উপকরণে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, ভূতুড়ে বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ নিয়ে হয়রানি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি বাজার সংস্কার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকবান্ধব কৃষিনীতি প্রণয়নসহ কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোটের ঘোষণা