×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডিকেট ভাঙতে না পারলে গণতান্ত্রিক সরকার ও সংসদের ভূমিকা কী: শফিকুর রহমান

২০২৬ নভেম্বর ১৮ ২০:০১:১৬

সিন্ডিকেট ভাঙতে না পারলে গণতান্ত্রিক সরকার ও সংসদের ভূমিকা কী: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিন আজ। অধিবেশন শেষ হওয়ার আগে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি প্রশ্ন তোলেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে গণতান্ত্রিক সরকার ও সংসদের ভূমিকা কী।

শফিকুর রহমান বলেন, ‘সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না কেন। এখনো যদি সিন্ডিকেটের কালো ছায়া থেকেই যায়, তাহলে গণতান্ত্রিক সরকার এবং সংসদের ভূমিকা কী? যে সিন্ডিকেট আছে, সবগুলোকে ভেঙে দেওয়া উচিত।’

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশকে ঘিরে বহুপক্ষীয়, বহুমাত্রিক, অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা তৎপরতা চলছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর সবার কাছে আসছে। তাঁর ভাষায়, ‘জাতি আতঙ্কগ্রস্ত আমি বলব না। তবে জাতি সন্দিহান। কী হতে যাচ্ছে এবং কী হচ্ছে, সেই বিষয়ে আমাদের সুস্পষ্ট থাকতে হবে।’

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, আগে বিরোধী দলে থাকার সময় তাঁরা তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে দায়ী করতেন। তাঁদের অভিযোগ ছিল, সিন্ডিকেটের কারণে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যায়। অথচ উৎপাদকেরা পণ্যের ন্যায্যমূল্য পান না।

তিনি বলেন, দুই দিকেই সমস্যা রয়েছে। একদিকে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তাদের অসহনীয় দামে পণ্য কিনতে হচ্ছে। অতীতের তুলনায় দ্রব্যমূল্য কিছুটা কমবেশি স্থিতিশীল অবস্থায় থাকলেও প্রশ্ন হলো, দাম ওই পর্যায়ে কেন পৌঁছেছিল। এর পেছনে সিন্ডিকেটের ভূমিকা ছিল। সেই সিন্ডিকেট এখনো ভাঙা যাচ্ছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

শফিকুর রহমান বলেন, শুধু আমদানি নয়, রপ্তানি খাতেও সিন্ডিকেট রয়েছে। এমনিতেই বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকা সীমিত; অল্প কিছু পণ্যই বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। এর বাইরে উল্লেখযোগ্য রপ্তানি নেই বললেই চলে। দেশের প্রধান রপ্তানি খাতও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে উল্লেখ করেন তিনি।

শিল্প ও শ্রমিকদের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, কোনো মালিক ব্যবসায় লোকসান করার জন্য উদ্যোক্তা হন না। কোনো শ্রমিক তাঁর কর্মস্থলকে ধ্বংস করার জন্য সেখানে সংযুক্ত হন না। যদি শিল্প বাঁচে, তাহলে শিল্পীও বাঁচবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত