×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইমাদ সিকদার

২০২৬ নভেম্বর ১৫ ১৯:৪৯:২০

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে ইমাদ সিকদার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামুতে দিনদুপুরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শনের পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার গর্জনিয়া বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমাদ সিকদারকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওতে মিছিলের সামনের সারিতে সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শন করতে দেখা গেছে। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন অংশগ্রহণকারীরা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল হক মিছিলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গর্জনিয়া ফাঁড়ির আওতাধীন এলাকায় দুপুর ২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে বলে তথ্য পেয়েছি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে জানিয়ে ওসি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কার্যক্রম চালানোর সুযোগ নেই। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে এবং ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।”

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত