ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে নিজের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম। এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন তিনি। একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম।
পোস্টে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি ঘরের দরজার সামনেও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়া।
সাদিক কায়েমের ভাষ্য, আল্লাহর রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়েছে। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।
সাদিক কায়েম লেখেন, ‘পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস ও রাতের আঁধারে হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।’
এ ধরনের চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা তাদের লড়াইকে আরও দৃঢ় করবে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এদিকে সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গোলাম পরওয়ার বলেন, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অন্যদিকে, খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু আগামীর সময়কে বলেন, ‘কতিপয় দুর্বৃত্ত বাসার দেয়ালের বাইরে থেকে কেরোসিন ঢেলে পেপার দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ