×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

২০২৬ নভেম্বর ২২ ১১:০৬:৫৫

সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনাকে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানান।

তিনি আরও লেখেন, এ হামলা কাপুরুষোচিত। দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

জামায়াত আমিরের অভিযোগ, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ বিষয়ে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, রোববার ভোরে খাগড়াছড়িতে নিজেদের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ করেন সাদিক কায়েম।

নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা চালায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত