ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আইবিএ ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে যে কৌশল কাজে লাগিয়েছিলেন রাইয়ান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন রাইয়ান সাদ আল হক। তবে তাঁর এই সাফল্যের পথ খুব সহজ ছিল না। ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই প্রকাশিত হয় এইচএসসি পরীক্ষার ফল। প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে নিজের দুর্বলতা চিহ্নিত করা, প্রস্তুতির কৌশল নির্ধারণ এবং নিজের পরিকল্পনার ওপর আস্থা রেখেই শেষ পর্যন্ত আইবিএতে প্রথম হন তিনি।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার হলের কৌশল এবং নতুন পরীক্ষার্থীদের জন্য পরামর্শ নিয়ে কথা বলেছেন রাইয়ান সাদ আল হক।
পরীক্ষার হলে কী কী কৌশল অবলম্বন করেছিলেন?
আইবিএর ভর্তি পরীক্ষায় মূলত তিনটি অংশ থাকে—ইংরেজি, গণিত ও অ্যানালিটিক্যাল এবিলিটি। অ্যানালিটিক্যাল এবিলিটি অংশে মূলত ধাঁধার মতো প্রশ্ন থাকে।
গণিতের প্রশ্ন সমাধান করতে সাধারণত অনেক সময় লাগে। এ কারণে পরীক্ষার্থীরা নিজেদের জন্য গণিতের একটি নির্দিষ্টসংখ্যক প্রশ্ন ঠিক করে রাখেন। সেগুলো সমাধান করে পরে ইংরেজি ও অ্যানালিটিক্যাল অংশে যান। তবে আমার কৌশল ছিল এর বিপরীত।
আমি নিশ্চিত ছিলাম, ইংরেজি ও অ্যানালিটিক্যাল অংশে আমার ভালো দক্ষতা রয়েছে। তাই প্রথমেই এই দুটি অংশের প্রশ্নের উত্তর দিয়েছি। এরপর গণিত অংশে হাত দিয়েছি। গণিতের প্রশ্ন সমাধানে সাধারণত সবার মতো আমারও বেশি সময় লাগে। তাই এই অংশটি একেবারে শেষে রেখেছিলাম। যতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি, সেগুলোর উত্তর দিয়েছি।
ঢাবিতে সুযোগ না পেলে পরবর্তী পরিকল্পনা কী ছিল?
যেহেতু আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাই পরবর্তী পরিকল্পনা ছিল প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা। তবে সত্যি বলতে, আমার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আইবিএতে পড়ার। আইবিএতে সুযোগ না পেলে অন্যান্য ইউনিটেও চেষ্টা করতাম।
পাশাপাশি বুয়েটের ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। সেখানে প্রাথমিক তালিকায় আমার নাম এসেছিল। ফলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। তবে বুয়েটের ভর্তি পরীক্ষার আগেই আইবিএর ফল প্রকাশিত হয়। সেখানে আমি প্রথম হই। তাই আর বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চাইনি।
নতুন ভর্তি পরীক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কী?
শুধু আইবিএ নয়, সাধারণভাবে যেকোনো ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। আপনি যদি লক্ষ্য করেন, যারা যোগ্য এবং যারা সুযোগ পান, তাঁদের মধ্যে খুব বড় কোনো পার্থক্য নেই।
উদাহরণ হিসেবে বলা যায়, আইবিএতে ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেক কিংবা ৭৫ শতাংশ বাদ দিলেও প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী থাকেন, যাঁদের আইবিএতে পড়ার মতো ন্যূনতম যোগ্যতা বা সক্ষমতা রয়েছে।
এখন তাঁদের থেকে নিজেকে আলাদা করবেন কীভাবে? সেটি করতে হবে আত্মবিশ্বাসের মাধ্যমে। নিজের ওপর ভরসা রাখতে হবে। পরীক্ষার হলে কিংবা প্রস্তুতির সময়—যেকোনো পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস ও পরিকল্পনার ওপর আস্থা রাখা জরুরি।
কারণ পরিকল্পনাটি আপনি নিজেই তৈরি করেছেন, নিজের সক্ষমতা ও দুর্বলতা বিবেচনা করে। আপনার চেয়ে ভালো কেউ আপনার জন্য সেই পরিকল্পনা তৈরি করতে পারবেন না। নিজের তৈরি পরিকল্পনার ওপর এই আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং সেই অবস্থানে পৌঁছে দেবে, যেখানে আপনি সফল হবেন।
সাক্ষাৎকারটি এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি