×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

২০২৬ নভেম্বর ২২ ১৫:১০:৫৩

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালাবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।

আইনমন্ত্রী বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এ নিয়ে দলটির কোনো অনুশোচনা নেই।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ নামে চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রী আরও অভিযোগ করেন, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাঁদের অনেকেই এখনো ফিরে আসেননি। নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অনেকেই এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলেন এবং প্রিয়জনের ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন।

আইনমন্ত্রী বলেন, সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সে জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ