ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, আগুন লাগার সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা বাসে আগুন দেখতে পান। এরপর এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁরা জানেন না।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন দেখতে পান। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।
তিনি আরও বলেন, জেলার সর্বত্র পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ