×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নিয়ন্ত্রক সংস্থার ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

২০২৬ অক্টোবর ১১ ১৫:৩৬:৩৭

নিয়ন্ত্রক সংস্থার ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক বক্তব্য ও কার্যকর পদক্ষেপ ছাড়া শেয়ারবাজার নিয়ে ভালো কোনো খবর নেই। বর্তমানে বাজারে বেশ অস্থির পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীদের ইচ্ছা থাকা সত্ত্বেও ধারাবাহিক পতনের কারণে তারা লেনদেন থেকে কিছুটা দূরে সরে আছেন। একই সঙ্গে তারা বাজার পর্যবেক্ষণ করছেন বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজারে পতনের অস্থিরতা বন্ধ না হলে বিনিয়োগকারীরা লেনদেনে অংশগ্রহণ করবেন না বলে অবস্থা দেখে মনে হচ্ছে। মুনাফার আশায় বিনিয়োগ করার পর যদি পুঁজি হারাতে হয়, তাহলে কে-ই বা আস্থা নিয়ে বিনিয়োগ করবে। আজকের দিনের শুরুতে বাজার কিছুটা ইতিবাচক থাকলেও মধ্যাহ্নের পর টানা পতনের কবলে পড়ে। দিনশেষে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশনের ওপর আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা।

এদিকে, আজ (১১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫১.০৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০.৩০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৩.৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ২৬৪টির দর কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৩৩ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৫ কোটি ৩৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৩টির এবং পরিবর্তন হয়নি ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৫.২৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৫.১৮ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ