×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত

২০২৬ অক্টোবর ০৬ ২০:৩০:৫৫

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৫ অক্টোবর থেকে নির্ধারিত মৌখিক পরীক্ষা (ভাইভা) নিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এনটিআরসিএর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তবে রিটকারী ৪৬ জন শিক্ষকের স্বার্থ রক্ষায় ৪৬টি পদ সংরক্ষণ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পদে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শূন্যতা থাকায় সরকার গত ২৫ মার্চ এনটিআরসিএর মাধ্যমে নিয়োগসংক্রান্ত একটি সংশোধনী জারি করে। এতে প্রধান শিক্ষক পদে আবেদন করতে মোট ১৮ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়। এর আগে ২০২৫ সালের জনবল কাঠামো অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত কার্যকর ছিল।

নতুন অভিজ্ঞতার শর্তকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রথমে ১২ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। পরে আরও কয়েকজন শিক্ষক এতে যুক্ত হলে রিটকারীর সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে। শুনানি শেষে হাইকোর্ট সরকারের ২৫ মার্চের সংশোধনী বাতিল করে রুল অ্যাবসলিউট করেন।

এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিটকারী ৪৬ জনের জন্য পদ সংরক্ষণের বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানিতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।

আদালতে অ্যাটর্নি জেনারেল জানান, ২০২৬ সালের ২৯ জানুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় প্রধান শিক্ষক পদে শূন্যপদ ছিল ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে শূন্যপদ ছিল তিন হাজার ১৩১টি। আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার পদে শূন্যপদ ছিল ১৫০টি।

বিজ্ঞপ্তিতে সব মিলিয়ে ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে এই সংখ্যা প্রায় ১৫ হাজারে পৌঁছাতে পারে।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের পর সংরক্ষিত ৪৬টি পদ বাদে অন্যান্য শূন্যপদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নিতে পারবে এনটিআরসিএ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত