ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কিশোর অপরাধ রোধে নৈতিক শিক্ষা ও মানবিক পরিবেশ জরুরি: ঢাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ ও শাস্তির ওপর নির্ভর করলে চলবে না। এ জন্য নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধের চর্চা এবং কিশোরদের মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে বিশ্ব দর্শন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, দর্শন কেবল তাত্ত্বিক জ্ঞানচর্চার বিষয় নয়; বরং মানুষের জীবন, সমাজ ও সভ্যতাকে বোঝার একটি মৌলিক বুদ্ধিবৃত্তিক প্রয়াস। দর্শন মানুষকে যুক্তিবোধ, বিবেক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে বিভিন্ন সামাজিক সমস্যা বিশ্লেষণ করতে শেখায়। ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় দর্শনচর্চার গুরুত্ব অপরিসীম।
এ বছরের বিশ্ব দর্শন দিবসের প্রতিপাদ্য ‘Thinking and Acting Together: Philosophy to Inhabit a World with Plural Challenges’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় সম্মিলিত চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিশোর অপরাধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপাচার্য বলেন, বিষয়টিকে শুধু আইনশৃঙ্খলা বা অপরাধ নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব নয়। এর সঙ্গে পারিবারিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা, সামাজিক বৈষম্য, প্রযুক্তির প্রভাব এবং নৈতিক মূল্যবোধের চর্চা গভীরভাবে সম্পর্কিত। কোনো কিশোর অপরাধে জড়িয়ে পড়লে তার ব্যক্তিগত দায়বদ্ধতার পাশাপাশি বেড়ে ওঠার পরিবেশ, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং সমাজের দায়িত্বও বিবেচনায় নিতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের পাঠ্যক্রমে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ছোটবেলা থেকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া গেলে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সহজ হয়। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের স্থায়ীভাবে অপরাধীর পরিচয়ে আবদ্ধ না রেখে তাদের সংশোধন, পুনর্বাসন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অগ্রগতির প্রসঙ্গ তুলে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের কী করতে সক্ষম করেছে, তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের কী করা উচিত—সেই প্রশ্নের উত্তর খুঁজতেও দর্শন, নৈতিকতা, ধর্ম ও মানবিক মূল্যবোধের চর্চা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ব দর্শন দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার সম্পাদক ড. মন্দিরা চৌধুরী স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া।
অনুষ্ঠানে বিশ্ব দর্শন দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে দর্শন বিতর্ক ধারা আয়োজিত রম্যবিতর্ক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’র নাট্যরূপ পরিবেশিত হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ