×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের গানে ওমর খৈয়ামের প্রভাব নিয়ে ইউনেস্কোতে গবেষণা উপস্থাপন করবেন ঢাবির শিক্ষক

২০২৬ নভেম্বর ২২ ১৭:৪৮:৪৭

নজরুলের গানে ওমর খৈয়ামের প্রভাব নিয়ে ইউনেস্কোতে গবেষণা উপস্থাপন করবেন ঢাবির শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে আবারও প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। নজরুল বর্ষে তাঁর গবেষণার বিষয় নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই এবং কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে তার প্রতিফলন।

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) তিনি ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি।

এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন ড. মুমিত। এবার তাঁর গবেষণার কেন্দ্রে রয়েছেন ওমর খৈয়াম। মূলত ফারসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্যের যোগসূত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই তাঁর এই গবেষণা ও উপস্থাপনার উদ্দেশ্য।

ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বিশ্বপরিসরে পরিচিত করে তোলা। নজরুল ছাড়াও তিনি লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত ও হেলাল হাফিজকে নিয়ে তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন। এসব গবেষণা বিশেষ করে ফারসি ভাষায় উপস্থাপনের মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি।

ড. মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান। তাঁর জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

বাংলা, ইংরেজি ও ফারসি ভাষায় দেশে-বিদেশে তাঁর ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান ও ভারতে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাকর্ম। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর ছাড়াও চীনের সাংহাই ও বেইজিং এবং ইরান, তুরস্ক, ভারত, আজারবাইজান ও তাজিকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

ওমর খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও রয়েছে তাঁর উল্লেখযোগ্য গবেষণা। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পান তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।

অনুবাদ ও চলচ্চিত্রে দুই বাংলার পাঠকের কাছে পারস্য

গবেষণার পাশাপাশি ইরানি চলচ্চিত্র ও সংস্কৃতিকে বাংলা ভাষার পাঠক-দর্শকের কাছে পরিচিত করে তুলতেও কাজ করছেন ড. মুমিত। মূল ফারসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন ইরানের ৪০টি চলচ্চিত্র ও ছয়টি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। ধারাবাহিকগুলো হলো—ইউসুফ-জুলেখা, আসহাবে-কাহাফ, কারবালা কাহিনী, বিবি মরিয়ম, ইসা নবি ও শেহেরজাদ ফরহাদ।

তাঁর উদ্যোগে ২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ইরানি চলচ্চিত্রের শুটিং হয়। নার্গিস অবিয়ারের পরিচালনায় নির্মিত ছবিটির নাম ‘শাবি কে মহ কমেল শোদ’। এ ছাড়া ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি অংশের উপদেষ্টা এবং জয়া আহসান অভিনীত ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’র চিত্রনাট্যকার ও উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

‘ফেরেশতে’ ২০২৩ সালে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ২০২৪ সালে ইরানের ফজর ও বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি ইরানের জাতীয় পুরস্কার লাভ করে। অন্যদিকে, রোহিঙ্গাদের নিয়ে নির্মিত তাঁর ফারসি থেকে বাংলায় অনূদিত প্রামাণ্যচিত্র ‘শারমে বুদা’ ২০১৮ সালে ফজর চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসরে প্রদর্শিত হয়।

গ্রন্থে ফারসি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিস্তার

ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র ও প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন তিনি। কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর ‘ইরানের পথে-প্রান্তরে’। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। অ্যাডর্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইরানি প্রেমের গল্প’।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ