×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান

২০২৬ নভেম্বর ২২ ২০:৫২:২৮

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক এবং উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ‘তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জুবাইদা রহমান। রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

নিজেদের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট—এই চার থানার মোট ১৬৫ জনকে আর্থিক চেক দেওয়া হয়। তাঁদের মধ্যে দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জন রয়েছেন।

ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে চেক ও নিমগাছের চারা বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত