×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সঙ্গে চার প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

২০২৬ নভেম্বর ২২ ১৯:৩০:৪৬

ঢাবির সঙ্গে চার প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানো এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও University & Industry Alliance যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন University & Industry Alliance-এর সভাপতি ও আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী চারটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি।

সেমিনারে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১.২৫ শতাংশ। অথচ উচ্চশিক্ষিত স্নাতকদের মধ্যে এ হার ১৩.৫৪ শতাংশ। একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, শিল্প ও সেবা খাতের কারিগরি ও প্রকৌশল পদের ২২.৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ২৩.৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে।

তিনি বলেন, এসব পরিসংখ্যান শ্রেণিকক্ষের পাঠদান ও শিল্পপ্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির মধ্যে বড় ধরনের ব্যবধানের বিষয়টি তুলে ধরে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে এবং ১৭ কোটি নতুন ধারার কর্মসংস্থান তৈরি হবে। নতুন অর্থনীতিতে টিকে থাকতে উচ্চশিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।

আধুনিক বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আইনি কাঠামো পুনর্বিন্যাস এবং প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন তৈরি করতে হবে। শিল্প খাতে বাধ্যতামূলক গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে যুক্ত করতে হবে।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তরের পাশাপাশি রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সক্ষমতা কাজে লাগাতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বিশ্বের উন্নত দেশগুলোর মডেল অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, পাঠ্যক্রম উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণা তহবিল বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের ওপর জোর দেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ