ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জাপানে ওয়ান হেলথ সিম্পোজিয়ামে ঢাবির ছয় সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘রাসায়নিক ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়ান হেলথ পদ্ধতি’ শীর্ষক জেএসপিএস কোর-টু-কোর সিম্পোজিয়ামে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। গত ৬ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, একই বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ড. মো. হাবিবুল্লাহ-আল-মামুন এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্সের পরিচালক ড. কে এম আজম চৌধুরী।
এহিমে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেরিন এনভায়রনমেন্টাল স্টাডিজ (সিএমইএস) সিম্পোজিয়ামটির আয়োজন করে। ‘লিডিং একাডেমিয়া ইন মেরিন অ্যান্ড এনভায়রনমেন্ট পলিউশন রিসার্চ’ ছিল এর সহ-আয়োজক। জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্সের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্যোগ নেন সিএমইএসের উপপরিচালক ও ‘অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সোশ্যাল কো-অপারেশন’-এর প্রধান অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে। তিনি এতে সভাপতিত্বও করেন।
বাংলাদেশ, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মোজাম্বিকসহ বিভিন্ন দেশের গবেষকেরা সিম্পোজিয়ামে অংশ নেন। তাঁরা মৌখিক ও পোস্টার উপস্থাপনা, প্লেনারি এবং বিশেষ আলোচনা পর্বে নিজেদের গবেষণা তুলে ধরেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় টেকসই উন্নয়নবিষয়ক গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় জনস্বাস্থ্য ও জীবিকা সুরক্ষার পাশাপাশি চিকিৎসা, কৃষি, মৎস্যচাষ ও পশুপালনে ব্যবহৃত রাসায়নিকের কারণে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর সৃষ্ট প্রভাব কমানোর বিষয়টি।
সিম্পোজিয়ামের প্রথম মৌখিক উপস্থাপনা পর্বে অধ্যাপক ড. আবদুস সালাম বাংলাদেশে বায়ুর গুণমানের অবস্থা, এর প্রকৃতি ও উৎস এবং মানবস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রাসায়নিক গুদাম থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিষয়ে পোস্টার উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। বাংলাদেশে পাঙ্গাস মাছের বৃদ্ধিতে খাদ্যতালিকাগত সেলেনিয়াম ও জিঙ্ক ন্যানো-পার্টিকেলের প্রভাব নিয়ে পোস্টার উপস্থাপন করেন অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বাংলাদেশের জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অণুজীবের ওষুধ-প্রতিরোধ ক্ষমতা এবং এসব ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, ড. কে এম আজম চৌধুরী মডেল ও পর্যবেক্ষণভিত্তিক যৌথ গবেষণার ফল তুলে ধরে উত্তর বঙ্গোপসাগরে দ্রবীভূত অক্সিজেনের মাত্রার ঋতুভিত্তিক পরিবর্তন এবং ‘অক্সিজেন মিনিমাম জোন’ বা অক্সিজেনের সর্বনিম্ন মাত্রার অঞ্চল নিয়ে একটি পোস্টার উপস্থাপন করেন।
সিম্পোজিয়ামের পাশাপাশি ৮ অক্টোবর অধ্যাপক ড. আবদুস সালামের নেতৃত্বে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স (আইসিওজি) ও সিএমইএসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিএমইএসের প্রতিনিধিত্ব করেন অধ্যাপক ড. জিনইউ গুও। এতে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. আকিহিকো মরিমোতোও অংশ নেন। আইসিওজির গবেষণা কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির পরিচালক ড. কে এম আজম চৌধুরী।
বৈঠকে অধ্যাপক ড. আবদুস সালাম সমুদ্রবিষয়ক গবেষণা, মডেলিং ও পূর্বাভাস কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। এসব ক্ষেত্রে সিএমইএসের সঙ্গে সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির বিকাশে সিএমইএসের ‘ফিজিক্যাল-ইকোসিস্টেম অ্যান্ড পলিউশন কাপলিং মডেল’ বা ভৌত পরিবেশ, বাস্তুতন্ত্র ও দূষণের পারস্পরিক মিথস্ক্রিয়াবিষয়ক মডেলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক উন্নয়নে অধ্যাপক মরিমোতোর গবেষণার গুরুত্বও তুলে ধরা হয়।
বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা পরস্পরকে ক্রেস্ট উপহার দেন। ভবিষ্যতে একাডেমিক আদান-প্রদান ও যৌথ গবেষণার সুযোগ নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এহিমে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের তত্ত্বাবধানে শিগগিরই এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
উভয় পক্ষের প্রত্যাশা, সমঝোতা স্মারকটি সামুদ্রিক বিজ্ঞান, পরিবেশ পর্যবেক্ষণ ও জনস্বাস্থ্য খাতে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)