×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

২০২৬ নভেম্বর ২৩ ১২:৪৪:৫৫

পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে বাধা থাকছে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে একই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৮ ডিসেম্বর। আপিল বিভাগের আদেশের ফলে এসব পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি সোমবার আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।

সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।

চেম্বার আদালতের আদেশের বিষয়ে আইনজীবী কামরুন নাহার মাহমুদ দিপা ও ব্যারিস্টার আবদুল কাইয়ূম লিটন জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। তবে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। শুনানির জন্য ২৩ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন। এর ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা থাকল না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ