×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন

২০২৬ নভেম্বর ২৩ ১১:০১:০৭

গুরুত্বপূর্ণ সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর মতবিরোধের কারণে কোনো গুরুত্বপূর্ণ নতুন চুক্তি ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১। দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা চললেও অংশগ্রহণকারী দেশগুলো শেষ পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। তবে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত থাকে রোববার পর্যন্ত। এর মধ্য দিয়ে জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে এবারের আয়োজন।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মূলত জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধ দেখা দেয়।

সৌদি আরব, রাশিয়া, ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় চূড়ান্ত খসড়াটি প্রত্যাখ্যান করে।

কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে, ডেনমার্কের কোপেনহেগেনে।

এবারের সম্মেলনের ফলাফল নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন। এ সময় জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী মহলের কঠোর সমালোচনা করেন তিনি।

গুতেরেস বলেন, এসব মহল বড় তামাক কোম্পানিগুলোর কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধা দিচ্ছে। এসব গোষ্ঠী বিপুল মুনাফা করলেও এর মূল্য দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে।

দুই সপ্তাহের দীর্ঘ আলোচনায় ক্লান্ত প্রতিনিধিদের সামনে রোববার ভোরে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করা হয়। এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলো এতে আপত্তি জানায়।

শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়া থেকে ‘জীবাশ্ম জ্বালানি’র কোনো উল্লেখই বাদ দেওয়া হয়। কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে শুধু ২০২৩ সালের কপ২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ রাখা হয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই, এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও এবারের সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব তাঁদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য।

আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যান বলেন, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোর এই অর্থ প্রয়োজন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত