×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কান্ট্রি গেমস

২০২৬ নভেম্বর ২৩ ২০:৩৪:১৫

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কান্ট্রি গেমস

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমস উপভোগের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও সুনামগঞ্জের তিন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

সফর বাস্তবায়নে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন। সেখানে তিনি বক্তব্যও দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। তাঁর অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সুনামগঞ্জবাসী প্রস্তুত রয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ