×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

২০২৬ নভেম্বর ২৩ ১৯:২৮:১৪

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা সবাইকে মিলে রুখে দিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ সব সময় সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে। তিনি বিশ্বাস করেন, দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, সেগুলোও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সক্ষম হবে।

রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য আদর্শ তুলে ধরা হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

এ সময় বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করেন রাষ্ট্রপতি। তাঁদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের কর্ম ও অবদানের জন্য তাঁরা মানুষের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন।

একই সঙ্গে গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করার আহ্বান জানান তিনি। জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু সেই সুযোগ নষ্ট করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করেছে। সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক্‌-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, সংবিধান বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে যেসব অধিকার দিয়েছে, সেগুলো রক্ষায় তাঁদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সুনাম ও ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। সবাই এ মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানেরা একসঙ্গে বসবাস করেন। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে।

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম দেশে ফিরিয়ে এনেছিলেন।

এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে। এটি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট দেওয়া হয়। এ সময় তিনি স্মারকগ্রন্থের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ