×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ভর্তি পরীক্ষা এগিয়ে আসায় প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৩ ১৯:০০:০৭

ঢাবির ভর্তি পরীক্ষা এগিয়ে আসায় প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করায় এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট ৩১ ডিসেম্বরের আগে কোনো ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না বলে আদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসনের সুযোগ নিচ্ছে কি না এবং এতে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভোগান্তিতে পড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘আমরা বলছি সেশনজট কমাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে সেশনজট কমানোর জন্য। এটা আপনি নেগেটিভলি দেখছেন কেন? পজিটিভলি দেখা দরকার।’

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার; চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দেন মন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘সকলেই দৌড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আসুক। সেটা তো আমি চাই। তাই না? এডমিশনের জন্য আপনি সময় নষ্ট করবেন, এটা তো হয় না। একবার এসএসসির পরীক্ষা দিল, আরেকবার এইচএসসির পরীক্ষা দিল, তারপর এডমিশন পরীক্ষার জন্য আবার এক বছর নিয়ে যাবেন, এতে তো সেশনজটে পড়তে হয়।’

বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানায় পরিণত হচ্ছে কি না, এমন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেকার তৈরি হবেই। সারা বিশ্বেই বেকারত্ব রয়েছে। তবে বাংলাদেশে কী পরিমাণ বেকার তৈরি হচ্ছে, সে বিষয়ে তাঁরা এখনো স্পষ্ট পরিসংখ্যান পাচ্ছেন না। এ বিষয়ে তথ্য খুঁজে বের করে তাঁদের জানাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেকার তৈরির কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন, শুধু উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটের সংখ্যা বাড়ালেই চলবে না, তাঁদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতাও নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ