×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিনিয়োগকারীদের সচেতনতায় সুচক পতনেও লেনদেন বৃদ্ধি

২০২৬ অক্টোবর ০১ ১৫:০২:৪৯

বিনিয়োগকারীদের সচেতনতায় সুচক পতনেও লেনদেন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ সূচকের সামান্য পতন দেখা গেলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের কৌশলী ও সচেতন লেনদেনের ফলেই এমন চিত্র তৈরি হয়েছে, যা বাজারের স্বাভাবিক প্রবণতা হিসেবে বিবেচিত হচ্ছে।

তাদের ভাষ্য, আজ লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। মধ্যাহ্নকাল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলেও এরপর তা নিম্নমুখী হতে শুরু করে। তবে দিনের কোনো পর্যায়েই সূচকে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। কারণ বিনিয়োগকারীরা লাভ-লোকসানের হিসাব ভালোভাবে যাচাই করে শেয়ার ক্রয়-বিক্রয় করছেন। ফলে দিনশেষে সূচক সামান্য কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।

এদিকে, আজ (০১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩১.৬৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০০.২৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩.৫৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৪২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৯৯ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৪ কোটি টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৪.৬৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪১.৯৬ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত