×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ডিভিডেন্ড মৌসুমে বাজার আরও স্থিতিশীল হওয়ার আশা

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৪:৫৬:৪৩

ডিভিডেন্ড মৌসুমে বাজার আরও স্থিতিশীল হওয়ার আশা

নিজস্ব প্রতিবেদক: টানা চার কর্মদিবস উত্থানের পর আজ (২১ সেপ্টেম্বর) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে, তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা চার কর্মদিবস উত্থানের পর স্বাভাবিকভাবেই দর সংশোধন হয়েছে, যা ইতিবাচক। টানা উত্থানের পর অনেকেই মুনাফা তুলতে চাওয়ায় কিছুটা বিক্রির চাপ তৈরি হয়, ফলে দিনশেষে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে—যা স্বাভাবিক।

তবে এই দর সংশোধন যেন ধারাবাহিকভাবে না হয়, সেদিকে নজর রাখতে হবে। জুনে ক্লোজিং হওয়া কোম্পানিগুলোর ডিভিডেন্ড মৌসুম শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, আরও কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী দিনগুলোতে ডিভিডেন্ডের ভিত্তিতে সূচক ও লেনদেন বাড়বে এবং বাজার আরও স্থিতিশীল হবে।

তবে বাজারে যেন দরপতন না ঘটে বা কেউ গুজব ছড়িয়ে প্যানিক সৃষ্টি করতে না পারে, সেজন্য নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫০.৪৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৭.০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫.৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২৫৪টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪১ কোটি ৩২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২২.১১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত