×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই কমল তেলের দাম

২০২৬ সেপ্টেম্বর ২১ ১০:৫০:৩৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ২.৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১.৬৩ ডলারে নেমেছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের পাল্টাপাল্টি হামলার জেরে গত সপ্তাহে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। গত ১৫ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ১০৯.৩১ ডলারে পৌঁছায়।

অয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, সোমবার ডাব্লিউটিআই ক্রুডের দামও কমেছে। ২ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ডাব্লিউটিআই ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৮.২২ ডলারে। রয়টার্সের হিসাবে সোমবার ডাব্লিউটিআই ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে নেমেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বৈঠককে ঘিরে চলতি সপ্তাহে ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের ভাষ্য, এ সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে একটি কূটনৈতিক পথ তৈরি হতে পারে। এমন প্রত্যাশায় তেলের দাম কিছুটা কমছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এ সপ্তাহে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের।

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠককে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা এবং সৌদি আরবের তেল সরবরাহ কিছুটা পুনরুদ্ধারের প্রত্যাশাই সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত