×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ব্রোকারদের সঙ্গে বৈঠকের পরও প্রত্যাশা পূরণ হয়নি

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৫:০৯:৫৯

ব্রোকারদের সঙ্গে বৈঠকের পরও প্রত্যাশা পূরণ হয়নি

নিজস্ব প্রতিবেদক: আজও (১৬ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার সূচক যে হারে বেড়েছিল, তার ধারাবাহিকতা আজকের লেনদেনে ছিল না। গতকাল দিনশেষে সূচক প্রায় ৯৩ পয়েন্ট বাড়লেও আজ মাত্র প্রায় ২১ পয়েন্ট বেড়েছে, যা হতাশাজনক। গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচকের ঊর্ধ্বগতি ছিল, কিন্তু আজ তার বিপরীত চিত্র দেখা গেছে।

আজ সূচকে ওঠানামা ও কিছুটা অস্থিরতা ছিল। এ কারণে অনেকেই লেনদেন কমিয়ে দিয়েছেন এবং পরিস্থিতি বুঝতে বাজার পর্যবেক্ষণ করেছেন। দিনশেষে সূচক যে পরিমাণ বেড়েছে, তা সন্তোষজনক নয় বলে মনে করছেন তারা।

বাজারে স্থিতিশীলতা ফেরাতে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাজার উন্নয়নে কিছু প্রস্তাবনা ও উদ্যোগের কথা জানানো হয়। এরপরও বাজার প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়ায়নি। আগামী দিনগুলোতে বাজার কীভাবে এগোয়, সেদিকেই তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। তবে পতন ঠেকাতে বাজার মনিটরিং অত্যন্ত জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৪.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯.২৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯২.৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫১ কোটি ৩৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৩.৩১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৪.৬০ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত