×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বাজার মনিটরিং জোরদারের দাবি, অস্থির ওঠানামায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৪:৫৭:৪০

বাজার মনিটরিং জোরদারের দাবি, অস্থির ওঠানামায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আজ (০৩ সেপ্টেম্বর) সূচকের অস্থির ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও মধ্যাহ্নের পর থেকে সূচকে কিছুটা অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। এতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে কিছুটা দোটানায় পড়েন।

তাঁদের মতে, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল বাজার মনিটরিংয়ের সুযোগে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা নিজেদের স্বার্থে বিনিয়োগকারীদের মধ্যে নানা কৌশলে প্যানিক সৃষ্টি করছে, যাতে বিনিয়োগকারীরা ভয়ে কম দরে শেয়ার বিক্রি করে দেয় এবং চক্রটি কম দরে সেগুলো কিনে নিতে পারে।

তবে বিনিয়োগকারীরা আগের তুলনায় এখন অনেক বেশি সতর্ক। বাজার পড়তে দেখলেই তারা হুট করে শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন। এ কারণে সূচক কিছুটা শ্লথ গতিতে থাকলেও টাকার অঙ্কে লেনদেন কমে যাচ্ছে। তবে বাজার মনিটরিং যেভাবে প্রয়োজন, সেভাবে হচ্ছে না—যার কারণে বাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬২.০৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮.০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০.৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ২২৬টির দর কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৩১ কোটি ৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭২.৫৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৫৬.২২ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ