ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
একনেকে উঠছে সাড়ে ৪৫ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দীর্ঘদিনের যানজট কমানো এবং পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা আরও শক্তিশালী করতে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট প্রকল্প অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। সংশোধিত স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের আওতায় রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তকে রেলভিত্তিক গণপরিবহন নেটওয়ার্কে যুক্ত করতে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রকল্পটি বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীনে প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ ২৩ হাজার টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের প্রকল্প ঋণ থেকে সংস্থান করা হবে।
নতুন মেয়াদ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০৩৩ সালের আগস্টের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একনেকের নথি অনুযায়ী, সাউদার্ন রুটটি গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার ও আফতাব নগর পূর্ব হয়ে নাসিরাবাদ এবং দাসেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে।
প্রকল্পের আওতায় মেইন লাইনের সিভিল ও স্টেশন নির্মাণ, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ব্যবস্থা স্থাপন, আধুনিক রেলওয়ে সিস্টেম চালু, রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ, কনসালটেন্সি সার্ভিস গ্রহণ, জমি অধিগ্রহণ ও পুনর্বাসন এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ করা হবে।
বর্তমানে ঢাকায় এমআরটি লাইন-৬ আংশিকভাবে চালু রয়েছে। পাশাপাশি এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর নর্দান রুটের কাজ চলমান। সাউদার্ন রুট চালু হলে এটি নর্দান রুট ও লাইন-১-এর সঙ্গে যুক্ত হবে। ফলে যাত্রীরা দ্রুত ও সহজে এক লাইন থেকে অন্য লাইনে যাতায়াত করতে পারবেন। এতে রাজধানীর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম করিডোরের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
ব্যয় কমেছে ২ হাজার কোটি টাকার বেশি
চূড়ান্ত অনুমোদনের আগে প্রকল্পটি কয়েক দফা পর্যালোচনার মধ্য দিয়ে গেছে। প্রথমে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর মেয়াদে ৫৪ হাজার ৬১৮ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এ নিয়ে ২০২৪ সালের এপ্রিলে পিইসি সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্মূল্যায়নের পর ২০২৫ থেকে ২০৩১ মেয়াদে ৪৭ হাজার ৭২১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সংশোধিত প্রস্তাব পাঠানো হয়। এ প্রস্তাব নিয়েও দ্বিতীয় পিইসি সভা অনুষ্ঠিত হয়। সবশেষ ২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের সার্বিক ব্যয় পুনর্গঠন করে আরও যৌক্তিক করা হয়।
এর ফলে প্রাথমিক প্রস্তাবের তুলনায় প্রকল্প ব্যয় প্রায় ২ হাজার ১৪১ কোটি ৪ লাখ টাকা কমেছে। এর মধ্যে শুধু প্রকল্প ঋণ অংশেই ২ হাজার ২৪ কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে।
যানজট নিরসনে নতুন আশার আলো
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে যোগাযোগ ও পরিবহণ খাতের যানজট নিরসন এবং জনবহুল নগরগুলোতে কার্যকর গণপরিবহন নিশ্চিত করার যে প্রতিশ্রুতি রয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এরই মধ্যে সাউদার্ন রুটের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা, বেসিক ও ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন, টেন্ডার সহায়তা এবং ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন অ্যাকশন প্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে।
এসব অগ্রগতির ভিত্তিতে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পটিকে বাস্তবায়নের উপযুক্ত বলে বিবেচনা করেছে। পিইসি ও বিশেষ পর্যালোচনা সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ঢাকার যানজট কমানো এবং সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে