×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে প্রভাব ফেলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ নভেম্বর ০১ ১৯:৩১:১৬

ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে প্রভাব ফেলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তার প্রভাব যেন কোনোভাবেই কর্মজীবনে না পড়ে এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন ও সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে আপনাদের কার্যক্রমের ওপর নির্ভর করে।’

কর্মকর্তাদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়ে তিনি বলেন, সার্ভিস লাইফে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশও প্রতিপালন করতে হবে।

মন্ত্রী বলেন, পুলিশ ও আনসার অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় সম্পূর্ণ আলাদা। অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে এ দুই বাহিনীর সদস্যদের কাজ করতে হয়। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও প্রেজেন্স অব মাইন্ড অত্যন্ত জরুরি।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে ৮০ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আজ (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত