×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৪:৫৯:১২

সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের মধ্য দিয়ে আজ (১৩ সেপ্টেম্বর) সূচকের পতন নিয়ে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক দরপতনে শেয়ারবাজার ধসের কবলে পড়েছে। এর ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট আরও ঘনীভূত হচ্ছে। একই সঙ্গে নতুন কমিশনের ওপর আস্থা হারিয়েছেন তাঁরা।

তাদের মতে, ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে—বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থার কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেই। যেভাবে ধারাবাহিক দরপতন শুরু হয়েছে, তাতে খুব শিগগিরই বাজার আরও তলানীতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সরকারের উচিত বর্তমান কমিশন পরিবর্তন করে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন নিয়োগ দেওয়া। তা না হলে বাজারের অবস্থা আরও শোচনীয় হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৮.৫৫ পয়েন্টে, যার গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৩ জুন ডিএসইর সূচক ছিল প্রায় ৫ হাজার ৪৪২ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫.৩৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭২.০১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭টির দর বেড়েছে, ৩৩৬টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৪৪ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫০.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৫.৮২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ