×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

২০২৬ সেপ্টেম্বর ১০ ০৯:৩১:৪৫

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। চলমান সংঘাতের কারণে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ায় তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৩৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৫৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে সরবরাহ সংকোচনের প্রভাবে বিশ্ববাজারে তেলের মজুতও কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

ইআইএর নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এই দাম প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের গড় দাম ৮৪.৬৫ ডলার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে ইআইএর এই পূর্বাভাসটি গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে সামনে তেলের সরবরাহ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে এর দামের গতিপথ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত