×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ধারণাপত্র হস্তান্তর

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৪:৩৫:৫২

ঢাবিতে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ধারণাপত্র হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে গঠিত কমিটির ধারণাপত্র হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের কাছে এটি হস্তান্তর করেন কমিটির প্রতিনিধিরা।

কমিটির আহ্বায়ক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার সকালে ধারণাপত্রটি হস্তান্তর করে। এতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তৃতীয় ভাষায় দক্ষ ও মানসম্মত শিক্ষক নিয়োগ, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয় ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ করা হয়েছে।

ধারণাপত্র পর্যালোচনা ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৪টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও জোরদার, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গত ৩০ আগস্ট অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সভায় তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আরবি, ফরাসি, জাপানিজ, জার্মান, চীনা, কোরিয়ান ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ইনস্টিটিউটের কার্যক্রম আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরির বিষয়ে আলোচনা হয়।

সভায় বলা হয়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বাড়াতে ভাষাগত দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনবল পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষা শিক্ষা দেওয়ার বিষয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই ও সুপারিশ তৈরির জন্য অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিই বুধবার ধারণাপত্রটি দাখিল করেছে।

ধারণাপত্রে তৃতীয় ভাষা শিক্ষার পরিধি বাড়ানো, দক্ষ শিক্ষক ও জনবল তৈরির পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এসব সুপারিশ পর্যালোচনা করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত