×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ভারত ভ্রমণের ভিসাপ্রক্রিয়া সহজ হয়েছে, জানালেন উপহাইকমিশনার

২০২৬ সেপ্টেম্বর ২১ ১১:৩৩:১৭

ভারত ভ্রমণের ভিসাপ্রক্রিয়া সহজ হয়েছে, জানালেন উপহাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: ভারত ভ্রমণে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি বলেন, ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন প্রচুরসংখ্যক ভিসা ইস্যু করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানান পবনকুমার বাধে। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপর গুরুত্ব দেন ভারতের উপহাইকমিশনার। দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের আহ্বানও জানান তিনি।

পবনকুমার বাধে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সহজ করতে ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ উদ্যোগে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতাও চান তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে। উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত